চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং অনুমোদনহীন বিএসটিআই লেবেল ব্যবহার করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব-৭। এ সময় মোট ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই’র সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া রাত দেড়টার দিকে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও একটি অভিযানে দুইটি গুদাম থেকে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ অপরাধে গুদাম মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






