চট্টগ্রামে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে: জেলা প্রশাসক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর থেকে সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করায় জেলার ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে ৪০ হাজার সদস্য, সঙ্গে প্রায় ১১৫ জন জুডিশিয়াল ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রতিটি ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, যারা সার্বক্ষণিক টহল ও চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি মনিটর করছে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনের লক্ষ্য কেবল ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণায় সীমাবদ্ধ নয়। বরং প্রতিটি ভোটার যেন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন—এটাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

সীতাকুণ্ড ও রাউজানসহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ উপজেলা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। কোনো ধরনের উদ্বেগের ইঙ্গিত মিললে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। জাহিদুল ইসলাম মিঞা জানান, এখন পর্যন্ত চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ স্বস্তিকর।

চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top