চাটগাঁ নিউজ ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে।
বুধবার (৩ জুন) দুপুর ১২টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG136) চট্টগ্রামের ৩৭৮ জন হাজিকে নিয়ে বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল।
তিনি জানান, হজ ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্যাটোসহ অন্যান্য কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটের ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন।
চাটগাঁ নিউজ/এসএ





