নিউজ ডেস্ক: চট্টগ্রামে তিন উপজেলায় সেপটিক ট্যাংক ও পানিতে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রামের কর্ণফুলী, লোহাগাড়া ও মিরসরাইয়ে পৃথক এসব মৃত্যুর ঘটনা ঘটে।
কর্ণফুলী উপজেলা- চট্টগ্রামের কর্ণফুলীতে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার খোলা সেপটিক ট্যাংকে ঘটনাটি ঘটে।
নিহত হাবিবুল মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, লাশ উদ্ধার করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে আসে হাবিবুল। খেলাধুলার সময় সে পাশের নির্মাণাধীন ভবনের নিচতলার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। স্বজনরা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারকারী তৌহিদুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার থেকে চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে শিশুটিকে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখেন। অনেকেই সাহস না পেলেও তিনি ট্যাংকে নেমে শিশুটিকে উদ্ধার করেন।
লোহাগাড়া উপজেলা- চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার সময় পুকুরে পড়ে আশিকুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আশিকুর ওই এলাকার হোসেন আহমদের পুত্র।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ বারেক চৌধুরী পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
আমিরাবাদ ইউনিয়নের দফাদার ও স্থানীয় বাসিন্দা মো. জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটি বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল এবং খেলার মাঝে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর আনুমানিক বিকেল ৫টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।
স্বজনরা তাৎক্ষণিকভাবে শিশুটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা- চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নী শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি। মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রাখেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ফিরোজ মাস্টার। কিন্তু ছেলেটারও আর শেষ রক্ষা হলো না।
চাটগাঁ নিউজ/জেএইচ





