চট্টগ্রামে নতুন করে ৪ শিশু হামে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ২১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। নতুন করে আরও ৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট ৯৬ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ শিশুকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে, ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি (NPML, IPH)-তে নতুন করে আরও ২০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এতে করে জেলায় এ পর্যন্ত মোট পাঠানো নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ২৮২টি।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের প্রকোপ মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো রোগী ভোগান্তিতে না পড়েন।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। মহানগর এলাকায় বিশেষ সতর্কতা জোরদার করা হয়েছে, যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে রাখা যায়। শনাক্ত ও সন্দেহভাজন রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top