চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সাগরিকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ দাশ (২৫) বিটাক এলাকায় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তার বাসা ওই এলাকায়।
নিহতের ভাই সাগর দাশ জানান, রাত আটটার দিকে বাসায় ভাত খেয়ে কর্মস্থলে যায় আকাশ। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডায় জড়াতে দেখেন। একপর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে, তাকে বাঁচাতে এগিয়ে যায় আকাশ।
এ সময় ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপির পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু জানান, কারখানার সামনে আকাশের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জেনেছি। একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. রুহুল আমিন আরও বলেন, ‘আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। তাদের গ্রেফতারের পর হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে।’
চাটগাঁ নিউজ/জেএইচ





