চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই শিশুই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্যে সাড়ে পাঁচ মাস বয়সী একটি শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শিশুটির বাড়ি বোয়ালখালী উপজেলায়। অপরদিকে পাঁচ মাস বয়সী আরেক শিশু, যার বাড়ি হাটহাজারীতে, চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই দুই শিশুসহ বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ২৮ শিশু ভর্তি রয়েছে। এছাড়া আরও ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে ১৮ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন শিশু ভর্তি রয়েছে।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিভিন্ন হাসপাতাল থেকে মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ





