চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানায় বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১০ মে) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৮ মে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা নগরের খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে আটক করেন। এ সময় তার বহন করা একটি শপিং ব্যাগ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও আরও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, উদ্ধার হওয়া গুলির উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
চাটগাঁ নিউজ/এমকেএন






