চট্টগ্রামে এক দিনে ডেঙ্গু ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই শিশু বলে জানা গেছে।

আজ বুধবার (৪ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছে দুই বছর পাঁচ মাস বয়সী এক শিশু এবং ৪২ ও ৫১ বছর বয়সী দুই নারী। শিশুটির বাড়ি সীতাকুণ্ডে। দুই নারীর একজন সীতাকুণ্ড এবং অন্যজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১৫ জন এবং সেপ্টেম্বরে ১৬ জন মারা যান। মৃতদের মধ্যে ২১ জন নারী ও ১১ জন শিশু।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স চার মাস। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। অন্য শিশুটির বয়স সাড়ে পাঁচ বছর। সে নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন নগরীর এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top