চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই আপন ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যায়। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখান থেকে দুই শিশুর অঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, আজ বিকালে বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড লটমনি এলাকায় আগুনে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





