চাটগাঁ নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার ২৪ ঘণ্টার জন্য চট্টগ্রামের কয়েকটি এলাকায় বন্ধ থাকেব ওয়াসার পানি সরবরাহ। মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কাজের কারণেই বন্ধ রাখা হচ্ছে পানি সরবরাহ।
জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরদিন মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় চলবে বড় পাইপলাইনের কাজ।
ওয়াসা সূত্রে জানা গেছে, পাঁচলাইশ মোড় থেকে চকবাজার মোড় পর্যন্ত সড়কে কাতালগঞ্জের নব পণ্ডিত বৌদ্ধ বিহার সংলগ্ন খালের ওপর কালভার্ট নির্মাণের স্বার্থে পানি সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় চট্টগ্রাম ওয়াসার ৩০০ এমএম (১২) ব্যাসের AC সঞ্চালনী পাইপলাইন ও ১৮০ এমএম ব্যাসের HDPE বিতরণী পাইপলাইন স্থানান্তর কাজ পরিচালনা করা হবে।
ফলে পানি সরবরাহ বন্ধ থাকবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকা, পাঁচলাইশ আবাসিক এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকা, চকবাজার ও আশপাশের এলাকা, বহদ্দারহাট (একাংশ), মুরাদপুরসহ আশপাশের বেশ কিছু এলাকায়।
এ সময় গ্রাহকদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করে রাখার জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।
এছাড়া সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দু;খ প্রকাশ করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





