চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত হওয়ায় বগিগুলো অনেক বছর ধরে পড়ে ছিল এবং সেখানে মাদকাসক্তরা আড্ডা জমাত। এর আগে এ বছরের এপ্রিল মাসে একই জায়গায় দুটি বগিতে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, পরিত্যক্ত বগিতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






