চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ আগুন, প্রাণ গেল দুই দর্জির

চাটগাঁ নিউজ ডেস্ক: আর একদিন পরেই ঈদ। সেই ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর টেরিবাজারে চলছিল হরদম বেচাকেনা। পাশাপাশি কাপড় সেলাইয়ে ব্যস্ত সময় পার করছিলেন দর্জিরা। হয়তো আজকেই পেয়ে যেতেন বেতন ও ঈদ বোনাস। কাল বাড়ি ফেরার আনন্দ তাদের চোখেমুখে। আর ঠিক সেই মুহূর্তে নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি মার্কেটে লাগে আগুন। মৃত্যু হয় ২ কর্মচারীর, যারা পেশায় ছিলেন দর্জি। আহত হয়েছেন আরো অন্তত ১ জন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভবনটির চতুর্থ তলার একটি টেইলার্সের দোকান থেকেই এই আগুনের সূত্রপাত। এতে ভবটির চতুর্থ তলায় আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে মোহাম্মদ ইউনূস (৫২) ও মোহাম্মদ সোলাইমান নামে দুজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইউনূস পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে। অন্যদিকে সোলাইমান পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে। আর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ মামুন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তারা। টানা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেকুর রহমান জানান, টেরিবাজার থেকে যাদের আনা হয়েছে তাদের থেকে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, যে টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলেও দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পরপরই আগুন লাগে।

উল্লেখ্য, কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিং মল এবং উপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন মূলত চতুর্থ তলা থেকে ছড়িয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় পৌঁছে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top