চাটগাঁ নিউজ ডেস্ক : রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে টানটান উত্তেজনা। হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন, তা নিয়ে এক ধরনের কৌতুহল আছে অনেকের মধ্যে। এই নিয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছাড়াও গণমাধ্যমকর্মীদেরও ব্যাপক আগ্রহ রয়েছে।
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বন্দর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় ভোট দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পিএস মোহাম্মদ সেলিম।
আমীর খসরু চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলম ভোট দেবেন দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া কেন্দ্রে।
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান নগরের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
যে আসনের প্রার্থী জিতলে তাঁর দল সরকার গঠন করে এমন জনশ্রুতি আছে চট্টগ্রাম-৯ আসনের (কোতোয়ালী-বাকলিয়া)। এ আসনের বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ভোট দেবেন চান্দগাঁও আবাসিকের সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক ভোট দেবেন জামালখানের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ভোট দেবেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর ভানুবাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দীক চৌধুরী ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ পুরাতন চান্দগাঁও থানার শরাফাত উল্লাহ পেট্রল পাম্প সংলগ্ন কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল সকাল আটটায় ভোট দেবেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তাঁর স্ত্রীও এ কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর সকাল সাড়ে ৭টায় পূর্ব ফরহাদাবাদের ইঞ্জিনিয়ার নুর আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
জামায়াতের চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়া ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সকাল সাড়ে ৭টায় রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুমাম কাদের চৌধুরী সকাল ৯টায় ভোট দেবেন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
চাটগাঁ নিউজ/এসএ





