চট্টগ্রামসহ তিন সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই এবার দেশের তিন বড় মহানগরীতে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক চিঠিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি কমিশনের বৈঠকে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী গত বছরের ১ জুন এ সিটির মেয়াদ শেষ হয়েছে। একইভাবে ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুসারেই তিন সিটিতে ভোট আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের ঘটনায় সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top