চকরিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনে পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারের পূর্ব পাশে মৌলভী মমতাজের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (১৭)। নিহত দুজনই খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের বাসিন্দা।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের পাশে চালু থাকা একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের কাছাকাছি তিনজন শ্রমিক পলেস্তারার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান গণি নিচে পড়ে যান এবং তিনিও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top