চকবাজারে নিজের ব্যানার নিজেই নামালেন মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ব্যস্ত চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বুধবার (১ এপ্রিল) দুপুরে চকবাজার অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার নিজ হাতে অপসারণ করে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। তার এ উদ্যোগ উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নগর ব্যবস্থাপনায় সমতা ও আইনের প্রয়োগের একটি শক্ত বার্তা দেয়।

মেয়র বলেন, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান—আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তিনি আরও জানান, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক মালামাল রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য—এটি দখল করে ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। চসিকের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু রাখার দাবি জানান।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top