গুলিয়াখালী বীচে সংঘর্ষের ঘটনার পর সকল অবৈধ দোকান উচ্ছেদ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর গুলিয়াখালী বীচ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১০ মে) বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এর আগে সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে গুলিয়াখালী বীচ এলাকা থেকে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আলমগীরসহ শতাধিক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, গুলিয়াখালী বীচ সরকারি সম্পত্তি। এখানে গড়ে ওঠা দোকানগুলো অবৈধ। সরকারি জমি পুনরুদ্ধারের অংশ হিসেবেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মহিনুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় কালাম ও সুমন নামের দুইজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ওপর হামলা চালায় স্থানীয় কিছু ব্যবসায়ী। এতে ১২ জন পর্যটক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top