চাটগাঁ নিউজ ডেস্ক: কিছু রাজনৈতিক দল ‘জুলাই সনদ’ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা দেশে অশান্তি তৈরি করতে চায়।’
আজ সোমবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন বগুড়ায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করেন।
বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠের সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারের গত দুই মাসে নেওয়া নানা উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণের প্রত্যাশিত দেশ গঠনের জন্য কাজ করছে। তবে কিছু বিরোধী দল জুলাই সনদ নিয়ে সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করছে।’
কোনো দলের নাম না নিলেও তাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের পরিচয় মানুষ আগেও পেয়েছে।’
সম্প্রতি ময়মনসিংহের একটি ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কিছুদিন আগে ময়মনসিংহে পারিবারিক বিষয়কে রাজনৈতিক রূপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। এই দলটি দেশে অশান্তি তৈরি করতে চায়।’
তারেক রহমান বলেন, ‘এই দলটি ১৯৭১ সালে, ১৯৮৬ সালের নির্বাচনের সময়, ১৯৯৬ সালের নির্বাচনের সময় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই।’
চাটগাঁ নিউজ/জেএইচ





