চাটগাঁ নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব বা অপতথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে দ্রুত সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনলাইন প্ল্যাটফর্মে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কোনো তথ্য বা কনটেন্ট নজরে এলে দ্রুত তা যাচাই করতে হবে। যাচাই শেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে বিভ্রান্তিকর প্রচারণার প্রভাব কমানো সম্ভব হবে।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর বিশেষ নজর রাখার নির্দেশ দেন তিনি। বিশেষ করে পুরোনো ছবি বা ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার, বিভ্রান্তিকর তথ্য এবং ধর্মীয় উসকানি সৃষ্টি করতে পারে—এমন কনটেন্টকে অগ্রাধিকার দিয়ে যাচাই করতে বলা হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য শনাক্তকরণ, তথ্যের উৎস ও সত্যতা যাচাই, বিভ্রান্তিকর কনটেন্টের পেছনে থাকা ব্যক্তি বা মাধ্যম চিহ্নিতকরণ এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গুরুত্বপূর্ণ কোনো পোস্ট বা কনটেন্ট শনাক্ত হলে এর লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজ এবং প্রকাশের সময়সহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কোনো ঘটনা সম্পর্কে তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করে যাচাই করা তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।
এ সময় থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
গুজব বা অপতথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






