চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট ও নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের বিজয়ীদের নাম ও পরিচয় সম্বলিত এই গেজেট প্রকাশ করা হয়। মোট ১২ হাজার ৭১৩ পৃষ্ঠার এই বিশাল গেজেটে নবনির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশিত হয়েছে।
গেজেটে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৩৯ অনুচ্ছেদের দফা (৪) অনুযায়ী, নির্বাচনি এলাকাসমূহ থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও বর্তমান ঠিকানা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হলো। কমিশনের হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট প্রদানের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
গেজেটে ১ থেকে ৩০০ আসনের ক্রমানুসারে তালিকা দেওয়া হলেও ২টি আসনের ফলাফল স্থগিত রয়েছে। শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এদিকে, নির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়।
আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৯ আসন, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন, এনসিপি পেয়েছে ৬ আসন, স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭ আসনে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ আসন, গণঅধিকার পরিষদ ১ আসন, ইসলামি আন্দোলন ১ আসন, গণসংহতি ১ আসন, খেলাফত মজলিস ১ আসন এবং বিজেপি (পার্থ) পেয়েছে ১ আসন।
অন্যদিকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ঘোষিত ফলাফল অনুযায়ী, গণভোটের চূড়ান্ত চিত্রে দেখা গেছে —
মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
ভোট প্রদানের হার: ৬০.২৬ শতাংশ।
‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন।
‘না’ ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।
বাতিলকৃত ভোট: ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি
‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মোচিত হলো। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬(৩) ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





