চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ঈদের নামাজ শেষে বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশ মানুষের মাঝে ভিন্নমাত্রার আনন্দ তৈরি করেছে। তিনি মনে করেন, স্বাধীনভাবে কথা বলা ও রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ থাকলে উৎসবের আনন্দ আরও গভীর হয়।
শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার দারুচ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্ত পরিবেশ ছাড়া ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ অনেকটাই দূর হয়েছে এবং সবাই স্বাধীনভাবে তাদের অধিকার ভোগ করতে পারছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এবার এক ভিন্ন আবহে ঈদের আনন্দ ভাগাভাগি করছে।
ভবিষ্যৎ বাংলাদেশকে ‘রেইনবো বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখানে কোনো ভেদাভেদ থাকবে না; সবাই সমানভাবে বসবাস করবে। তিনি আরও বলেন, সবাই যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে—এটাই সবার প্রত্যাশা।
তিনি দাবি করেন, নির্বাচনের পর দেশের মানুষ অনেকাংশে তাদের মালিকানা ও অধিকার ফিরে পেয়েছে। শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এসময় তার সঙ্গে ছিলেন তার ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতা ইসরাফিল খসরুসহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





