খুলশীতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী থানার রূপসী হাউজিং সোসাইটি এলাকায় প্রায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দুইজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলশী থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাহাড় কাটার খবর পেয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমানের নেতৃত্বে একটি দল রূপসী হাউজিং সোসাইটির কাঁঠালবাগান ও পূর্ব নাসিরাবাদ এলাকায় পরিদর্শনে যায়। এ সময় খুলশী ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহতাসিম বিল্লাহও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ব্রিক সলিং রাস্তার পূর্ব পাশের উত্তর দিকে বাউন্ডারি দিয়ে ঘেরা একটি প্লটে পাহাড় কাটার দৃশ্যমান আলামত দেখতে পান কর্মকর্তারা। পরে ঘটনাস্থল থেকে পাহাড় কাটার পরিমাণ নির্ধারণের পাশাপাশি স্থিরচিত্র সংগ্রহ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের করা মামলায় উল্লেখ করা হয়েছে, ওই স্থানে আনুমানিক ২০ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়েছে।

এ ঘটনায় মো. আবু বকর সিদ্দিক ও মো. ছাবেরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক থেকে দুইজনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটার অভিযোগে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top