চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশীতে মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোরকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার বাজারে ভ্যানে করে সবজি বিক্রি করত। আটক ব্যক্তিরাও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে গ্যাংয়ের কয়েকজনের সঙ্গে হৃদয়ের বিরোধ তৈরি হয়। এরই জেরে মঙ্গলবার রাতে তাকে বাসা থেকে ডেকে বাইরে নেওয়া হয়।
পরে রাস্তায় নিয়ে হৃদয়ের কানে আঘাত করার পর ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, বাসা থেকে ডেকে নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






