চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে অসাধু ব্যবসায়ীদের মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খাতুনগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমন্বিতভাবে উক্ত এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন দেখা যায়, একাধিক দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে এবং মূল্য তালিকা হালনাগাদ করা হয়নি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখা, খাদ্যের সাথে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ এবং খোলা বোতলের ভোজ্য তেলের মাপে কম দেওয়ার প্রমাণ পায় আভিযানিক দলটি।
পরবর্তীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালকের উপস্থিতিতে অভিযুক্ত ব্যবসায়ীদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের রুখতে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ





