খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে।

নিহত তাসলিমা আক্তার (৩০) কে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তাসলিমা আক্তার ও তার স্বামী ইব্রাহীম খলিলের মধ্যে সংসারের নানা বিষয়ে ঝগড়াঝাটি হয়। ঘটনার প্রায় এক ঘন্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিং বিমের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাসলিমাকে তার শিশু কন্যারা দেখতে পায়। চিৎকারে আশেপাশের মানুষ দৌড়ে এসে লাশ উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে স্বামীই তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি আইনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্বামী ইব্রাহীম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top