চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী রাম্রা মারমা (৪১)। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জননী বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বড়বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ১০টার দিকে মেয়ের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান রাম্রা মারমা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে মাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার কলেজপড়ুয়া মেয়ে আনুমা মারমা। পরে বাড়ির রান্নাঘরে একটি বিছানায় কম্বল মুড়িয়ে রাখা অবস্থায় কাউকে দেখতে পান তিনি।
কম্বল সরিয়ে দেখেন তার মা রাম্রা মারমার নিথর দেহ পড়ে আছে। মাথা ও গলায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





