চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ওই এলাকায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করা হয়। পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, গুলির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা। তার দাবি, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এ ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, নীতিদত্ত চাকমার মরদেহ বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





