চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ি জেলা সদরের আকবাড়ি এলাকায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত নিউটন রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।
ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা জানান, সকালে নিউটনসহ সংগঠনের আরও এক সদস্য আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি হঠাৎ এসে গুলি চালায়। হামলার সময় অন্যজন পালাতে সক্ষম হলেও নিউটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে সংগঠনটি।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, ঘটনাস্থল থেকে নিউটনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





