ক্লাস রুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন- এটা হতে পারে না: ড. মিলন

চাটগাঁ নিউজ ডেস্ক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আপনারা শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন—এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার সেভাবে আসবে, আমরা সেগুলো অ্যাড্রেস করব। আমি আশাকরি তারা আমাদের মেসেজ পেয়েছেন এবং সেভাবেই কাজ করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ড. মিলন বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি কেউ। একসময় প্রথম আলো-এর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার সামনেই বলেছিলাম—আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব। সেই সাহসটি তার হয়নি। অতএব স্মরণ করিয়ে দিচ্ছি, এটি শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রী আরও বলেন, সরকারের ভিশন নির্বাচনি ইশতেহারেই উল্লেখ ছিল। সামনে এসএসসি পরীক্ষা রয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও বণ্টনে যেন কোনো ধরনের ঝামেলা না হয়, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি যখন প্রথম দায়িত্ব পেয়েছিলাম, তখন বরিশাল শিক্ষা বোর্ড গঠন করেছিলাম। চেয়ারম্যান হিসেবে একটি পাবলিক কলেজের অধ্যক্ষকে নিয়োগ দিয়েছিলাম। তখন শিক্ষা প্রশাসনে এসে বলা হয়েছিল, আমি নাকি ট্র্যাডিশন ভেঙেছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top