চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোলোরেক্টাল ক্যান্সার এমন একটি রোগ যা যথাসময়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ ও নিরাময় সম্ভব। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে প্রায় ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। এজন্য জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে মার্চ ২০২৬ জুড়ে পরিচালিত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ছিল এটি।
মেয়র জানান, দেশের ইতিহাসে এই প্রথম কোনো সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে এত বড় পরিসরে সমন্বিত কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ উদ্যোগ জনস্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সচেতনতার অভাব ও ভীতির কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে পারেন না। ফলে রোগ জটিল আকার ধারণ করে। এই পরিস্থিতি বদলাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ ধরনের উদ্যোগ হাতে নিয়েছে।
বিশ্বব্যাপী মার্চ মাস ‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর হাসপাতাল এবং পিজিএস একাডেমির যৌথ উদ্যোগে মাসজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও স্ক্রিনিং পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় সিএসসিআর হাসপাতালে মোট ২ হাজার ১৫৭ জন রোগী নিবন্ধিত হন। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ৮১৩ জন বিভিন্ন পরীক্ষায় মূল্যছাড় সুবিধা গ্রহণ করেন।
এদিকে, নগরীতে হাম রোগের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুকে হাম (Measles) টিকা প্রদান করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মেয়র।
সংবাদ সম্মেলনে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





