কোরবানির দিনে চট্টগ্রামের অলিগলিতে অস্থায়ী মাংসের বাজার

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনেও চট্টগ্রামের বিভিন্ন অলিগলি ও মোড়ে মোড়ে বসেছে অস্থায়ী মাংসের হাট। স্থানীয়দের কাছে পরিচিত এসব বাজারের নাম ‘গরিবের হাট’। হাটবার না হলেও সকাল থেকে রাত পর্যন্ত এসব বাজারে চলছে জমজমাট বেচাকেনা।

এসব অস্থায়ী বাজারে মাংস বিক্রি করতে দেখা যায় মূলত কসাই, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের। কেউ কোরবানির পশু জবাইয়ের কাজ করে পাওয়া মাংস বিক্রি করছেন, আবার কেউ বিভিন্ন বাসাবাড়ি থেকে পাওয়া অংশের কিছু মাংস এনে বসেছেন বিক্রির জন্য। বিক্রেতাদের অনেকেই জানান, সংসারের প্রয়োজন মেটাতে মাংস বিক্রি করে নগদ টাকাই তাদের বেশি প্রয়োজন।

অন্যদিকে, এই বাজারের ক্রেতাদের বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। কেউ কোরবানি দিতে পারেননি, আবার কেউ আত্মসম্মানের কারণে কারও কাছে মাংস চাইতে পারেন না। তুলনামূলক কম দামে মাংস পাওয়া যাওয়ায় অনেকে এই বাজার থেকেই পরিবারের জন্য মাংস কিনছেন।

স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, কোরবানির দিনে সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারাটাই তাদের জন্য বড় আনন্দ। আর সেই সুযোগ করে দিচ্ছে এসব অস্থায়ী মাংসের হাট।

বিক্রেতারা জানান, সাধারণ মানুষের পাশাপাশি অনেক ছোট হোটেল ব্যবসায়ীও এসব বাজার থেকে মাংস কিনে নিয়ে যান।

বিস্তারিত দেখতে সিপ্লাস টিভির ভিডিও লিংকে ক্লিক করুন………………………

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top