কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মীর হোসেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে সরকারি সফরে রাঙামাটির কার্যক্রম শেষে তিনি কাপ্তাই মৎস্য উপকেন্দ্র (বিএফডিসি) পরিদর্শন করেন। এ সময় তিনি মৎস্য উপকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কেন্দ্রের সড়কসহ প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন।
পরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএফডিসির ‘হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করেন বিএফডিসি চেয়ারম্যান।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন।
পরিদর্শনকালে বিএফডিসি চেয়ারম্যান মো. মীর হোসেন জানান, কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় মোট ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। এসব যন্ত্র স্থাপনের ফলে হ্রদে অবস্থানরত জেলে ও মৎস্যজীবীদের বজ্রপাতের ঝুঁকি থেকে অনেকাংশে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৯৪ দশমিক ২৭৪ লাখ টাকা এবং চুক্তিমূল্য ৪ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ৫৯২ টাকা। ২০২৫ সালের জুলাই মাসে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। ২০২৭ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
পরে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের কার্যালয়ে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সমিতির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক নবী হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন তাঁদের বিভিন্ন কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় বিএফডিসির বাস্তবায়ন ব্যবস্থাপক রওশন হক, উপপরিচালক মো. বদরুদ্দোজা, রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়জুল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের ব্যবস্থাপক জসিম উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





