কাপ্তাই সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাঁকে ওভারটেক করতে গিয়ে বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক অটোরিকশা চালক।  এই ঘটনায় বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। সড়কে ঘন্টাখানেক বন্ধ থাকে যান চলাচল।

রবিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়নের মাইজ্যে মিয়ার ঘাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোরিকশা চালক নজরুল ইসলাম রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধার পাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্বেচ্ছাসেবী সংগঠক রাশেদুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, পথেরহাটগামী সিএনজি চালিত একটি অটোরিকশা মাইজ্যে মিয়ার ঘাটা এলাকায় অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে কাপ্তাই থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। যার ফলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নজরুলের মৃত্যু হয়।

পরে আশপাশের স্থানীয়দের সহযোগিতায় নিহত চালক ও আহত যাত্রীকে অটোরিকশা থেকে বের করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা সৌদিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় বাসটির পাশে থাকা চন্দ্রঘোণা থেকে ছেড়ে আসা নগরগামী কর্ণফুলী এক্সপ্রেস নামক আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় জুয়েল সিকদার নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, কালুরঘাট ফায়ার সার্ভিস ও রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে বাস দুটি পুড়ে কঙ্কাল হয়ে যায়। সড়কে উভয় দিকে প্রায় এক কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়। সোয়া ১২ টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মামুন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত এক যাত্রীকে চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top