কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত কায়ছার হামিদ রাশবি (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাউজানের নজুমিয়া হাটের ভরাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশবি রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী সিকদার বাড়ির মোজাম্মেল হকের ছেলে। তিনি নগরীর হাজেরা তাজু ডিগ্রি কলেজে অনার্সে পড়াশোনার পাশাপাশি অক্সিজেন এলাকায় একটি মোটর গ্যারেজে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পথে নজুমিয়া হাটের ভরাপুকুর পাড় এলাকায় পৌঁছালে চন্দ্রঘোনাগামী এবি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রাশবি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইব্রাহীম আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। বাসের চালক ও হেলপার ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top