কাপ্তাইয়ে স্কুলে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার পর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গভীর রাতে চোরচক্র স্কুলের লোহার জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, রাউটার, তবলা, নতুন ভবনের কল-সেটিংস এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এ সময় তারা স্কুলের কক্ষের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে বিদ্যালয় বন্ধ ছিল। তবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার কোচিং কার্যক্রমের জন্য সোমবার তিনি বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কক্ষের তালা খুলে ভাঙচুরের চিত্র দেখতে পান। পরে দেখা যায়, অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে অন্যান্য শিক্ষকদের বিষয়টি জানান।

তিনি আরও জানান, সরকারি মালামাল চুরির বিষয়টি শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

সহকারী শিক্ষক ইসলাম হোসেন বলেন, বৃত্তির কোচিং নিতে এসে তারা বিদ্যালয়ে চুরির ঘটনা দেখতে পান।

নতুন ভবন নির্মাণ কাজের ঠিকাদারের প্রতিনিধি নাসিম জানান, কাজ করতে এসে দেখা যায় ভবনের বাথরুমের কল-সেটিংস ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

বিদ্যালয়ের পক্ষ থেকে কাপ্তাই থানায় বিষয়টি জানানো হয়েছে। থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top