কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আঞ্চলিক ফোরাম ও মোবাইলে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএসপিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
আহত শিক্ষার্থীরা হলেন—হোসেন নূর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আবদুল্লাহ আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ। তারা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
বিএসপিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাসে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৩ শিক্ষার্থী আহত হন।
আহতদের রাত ১টার দিকে বিএসপিআই কর্তৃপক্ষ চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে আহত ১৩ জনের মধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন। বর্তমানে চারজন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। শনিবার তিনি হাসপাতালে গিয়ে আহত চার শিক্ষার্থীর খোঁজখবর নেন।
ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে ঘটনার তদন্তে বিএসপিআইয়ের অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।
বিএসপিআইয়ের ছাত্রাবাসের হোস্টেল সুপার আবদুল মান্নান জানান, দুটি আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বর্তমানে ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান রয়েছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





