কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার (৬৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে।
আত্মহত্যাকারী বিশ্বজিৎ কর্মকার ওই এলাকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের ছেলে।
ইউপি সদস্য অমল কান্তি দে জানান, বিশ্বজিৎ কর্মকারের একমাত্র ছেলে অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তিনি শুধু স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে তিনি স্ট্রোক করেন, ফলে তিনি দৃষ্টিশক্তি হারান এবং চলাচলে অক্ষম হয়ে পড়েন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





