কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী। সে চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের মৃনালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের জেলে পাড়ার বাপের বাড়ি থেকে নবদম্পতি কনিকা দাশ ও রুবেল দাশ পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনা কদমতলী মৃণালপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। নৌকাটি কর্ণফুলী নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে যায়। এতে মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি নিখোঁজ হয় কনিকা।

পরে নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন দ্রুত নদী থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

‎হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন-রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও স্বামী রুপন ঘোষ।

‎মিশন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ৫ জনের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অনিশ ঘোষসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গৃহবধূ কনিকা দাশ নিখোঁজ রয়েছেন।

‎রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল পৌঁছালেই তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।

‎এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (​ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top