চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিবুর রহমান তার স্ত্রী সানোয়ারা বেগম (৪২)-কে কৌশলে মইজ্জ্যারটেকের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সানোয়ারাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সানোয়ারা বেগম বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত। পারিবারিক সূত্র জানায়, এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। গত ছয় মাস ধরে বর্তমান স্বামী হাবিবুরের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর অভিযুক্ত হাবিবুর প্রথমে খাগড়াছড়ির পানছড়ি এলাকায় আত্মগোপন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





