চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টোপথে আসা ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি আনোয়ারা থানার অধিক্ষেত্রে পড়ে।
নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় আইনজীবী এবং পরিবারের বড় সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন সম্রাট। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আইনজীবীর বাবা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে চাতরী চৌমুহনী গিয়েছিলেন তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পান তারা।
জানা গেছে, নিহত সম্রাটের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন। তার স্ত্রী এবং তিন ও দুই বছর বয়সী দুই মেয়ে রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





