আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব সংগঠনের ইউনিয়ন সেক্রেটারি মো. আলমগীর (৩৪) -কে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যাচেষ্টা এই মামলাটি দায়ের করা হয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী থানায় উপজেলা যুবদলের সদস্য মো. সাহেদুল আলম টিটু এ মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার রাতে প্রধান আসামী মো. আলমগীরের নেতৃত্বে উল্লেখিত আসামি ও ১০/১৫ জন অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা যুবদলের সদস্য সাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনজুর, যুবদল নেতা মো. ইমন, বড়উঠান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আরও কয়েকজন বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মামলার বাদী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।
মামলার এজাহারে টিটু উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি দৌলতপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের দিন জামায়াতের নেতাকর্মীরা হিন্দু ভোটারদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার জের ধরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, বড়উঠানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর মামলার আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী দাবি করেছে, তাদের কর্মী মো. এনাম, মামুন, আলমগীর, জাকারিয়া ও সালাউদ্দিন আহত হয়েছেন। এর মধ্যে এনামের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া আবরার, জোবাঈর, দিদার, সেলিম, মোরশেদ, ফয়সাল মহিউদ্দিন ও তামিমসহ আরও কয়েকজন আহত হলেও তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী ও সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর এক বিবৃতিতে অভিযোগ করেন, শুক্রবার স্থানীয় বিএনপির লোকজন জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ





