কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র এজিএম ও অভিষেক অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫–২০২৬ ও ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় কক্সবাজারের তারকা মানের হোটেল সায়মন বীচ রিসোর্টের মেরিনা বল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারে ব্যবসা-বাণিজ্যের বিকাশে পরিকল্পিত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্যাংকিং জটিলতা এবং পর্যটন খাতে মৌসুমি নির্ভরতার বিষয়গুলো সমাধানে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করানো হয় এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নতুন নেতৃত্ব ব্যবসায়ী সমাজের স্বার্থরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কক্সবাজারের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে চেম্বারের নবনির্বাচিত পরিচালক শহিদুল কাদের চৌধুরীকে ব‍্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

নবনির্বাচিত পরিচালক শহিদুল কাদের চৌধুরী

বার্ষিক সাধারণ সভায় চেম্বারের গত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন, যা পরবর্তী কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে চেম্বারের সম্মানিত পরিচালকবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top