কক্সবাজারে সুইমিং পুলে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় একটি পাঁচতারকা হোটেলের সুইমিং পুলে গোসল করতে নেমে মিরাজ আহমদ (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অবস্থিত ‘হোটেল বে-ওয়াচ’-এ এ ঘটনা ঘটে। নিহত মিরাজ আহমদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে সুইমিং পুলে নামার কিছুক্ষণ পরই মিরাজ আহমদ হঠাৎ অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে হোটেল কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোটেল সূত্র জানায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে দুই দিনের অবকাশ যাপনের উদ্দেশ্যে গত সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ। পরে তারা ইনানীর ওই হোটেলে অবস্থান নেন। মঙ্গলবার বিকেলে পরিবারের সঙ্গে সুইমিং পুলে গোসল করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top