ক্রীড়া ডেস্ক: কক্সবাজারের লাবণী পয়েন্টে দুই দিনব্যাপী ‘কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট’ শুরু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারকে কেন্দ্র করে স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সমুদ্রকেন্দ্রিক ক্রীড়ার বিকাশ ঘটালে পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, তিনি সার্ফিংকে সম্ভাবনাময় ক্রীড়া হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে পারে।’
টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে প্রায় ৭০ জন সার্ফার অংশ নিচ্ছেন। আয়োজক বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সার্ফিংয়েও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব।
উদ্বোধনের পরে প্রতিমন্ত্রী সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থাপনার স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ক্রীড়া ভাতা চালু হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, কক্সবাজারে নিয়মিত এই ধরনের আয়োজন সার্ফিংয়ের প্রসার এবং দেশের স্পোর্টস ট্যুরিজম খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





