কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক (ইনচার্জ) মো. নাছির উদ্দিন।

এতে নিহতরা হলেন মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। তাদের বাড়ি ঝিলংজা ইউনিয়নে। আহত মো. সানি (১৯) একই এলাকার বাসিন্দা এবং নিহতদের বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে বাংলাবাজার স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দুর্ঘটনার পর পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top