কক্সবাজারে গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের সুগন্ধা সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের আবির নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে সাগরে নিখোঁজ হওয়ার পর বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবির চট্টগ্রামের আজিজ নগরের বাসিন্দা এবং রিয়াজুদ্দিন বাজারের একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন। তার সঙ্গে তিন বন্ধু—মো. আরিফুল ইসলাম, মো. তানজিন, মো. মারুফুল হাসান রিপন—সৈকতে বেড়াতে আসেন।

বন্ধুরা জানান, সকালে কক্সবাজার পৌঁছানোর পর আবির ও তার বন্ধুরা সুগন্ধা সৈকতে গোসলের জন্য নেমেছিলেন। এই সময় আবির হঠাৎ সাগরে ভেসে যান। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে সৈকতে তার মরদেহ পাওয়া যায়।

সি-সেইফ লাইফগার্ডের দলনেতা সাইফুল্লাহ সিফাত জানান, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার পর আবিরকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top