কক্সবাজারে কবিতা চত্বরে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকায় ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সৈকতসংলগ্ন বালিকা মাদ্রাসার পাশের নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় ও সম্মুখসারির কর্মী ছিলেন। ঘটনার রাতে পরিচিত কয়েকজন ব্যক্তি তাকে ফোন করে কবিতা চত্বরের কাছে ডেকে নেয়। পরে অন্ধকার ও ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়। শুধু তাই নয়, হামলাকারীরা তার হাত-পায়ের রগও কেটে দেয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শোকে ভেঙে পড়ে বলেন, তার ছেলে শান্ত স্বভাবের ছিল এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে তিনি বিশ্বাস করেন না। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান।

এদিকে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে।

এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top