চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলায় শামসুল আলম (৩৫) নামে এক ইজিবাইক (মিশুক) চালককে হত্যা করে তার গাড়ি ছিনতাই করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বন শিল্প উন্নয়ন করপোরেশনের রাবার বাগানের পাশের একটি পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শামসুল আলম কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার বাসিন্দা আশরাফ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং ইজিবাইক চালিয়েই পরিবারের ভরণপোষণ করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যায় শামসুল আলম বাড়িতে বাজার দিয়ে আবার গাড়ি চালাতে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অজ্ঞাত মরদেহের ছবি দেখে স্বজনরা রামু থানায় গিয়ে মরদেহটি শামসুল আলমের বলে শনাক্ত করেন।
স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা তাকে নির্জন এলাকায় নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় রামু থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





