হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এই মামলায় মোট ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে চারজন আগে থেকেই গ্রেপ্তার রয়েছেন। বাকি ১৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতা।

এর আগে রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অন্য একটি মামলায় গ্রেপ্তারের পর গত ৫ ফেব্রুয়ারি এ মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। ঘটনার এক মাস পর তার মা জোছনা বেগম পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

পরে জুলাই-আগস্টের আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে ১১ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয়। তদন্ত শেষে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top